নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় একটি হত্যা মামলার আসামি কিশোর মাহবুব এলাহী রাজিন (১৫) কারাগারে বসেই পরীক্ষায় অংশ নিচ্ছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে তার এসএসসি পরীক্ষা শুরু হয়।
রাজিন নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের কাশিপুর গ্রামের বাসিন্দা এবং নোয়ান্নই উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। একটি হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে তাকে প্রথমে গাজীপুর কিশোর সংশোধন কেন্দ্রে রাখা হয়।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরবর্তীতে তার আবেদনের প্রেক্ষিতে নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেন। আদালতের নির্দেশনা অনুযায়ী নিরাপত্তাজনিত কারণে বিশেষ ব্যবস্থায় কারাগারের ভেতরেই তার পরীক্ষা গ্রহণ করা হচ্ছে, যা নোয়াখালী জিলা স্কুল কেন্দ্রের অধীনে পরিচালিত হচ্ছে।
নোয়াখালী জেলা কারাগারের জেল সুপার আ. বারেক বলেন, “গাজীপুর কিশোর সংশোধনাগারে থাকা রাজিনকে শুধুমাত্র পরীক্ষায় অংশগ্রহণের জন্য নোয়াখালীতে আনা হয়েছে। বাকি পরীক্ষাগুলোও একই প্রক্রিয়ায় কারাগারের ভেতরেই নেওয়া হবে।”
এদিকে নোয়াখালীতে এবার এসএসসি, দাখিল ও ভোকেশনাল মিলিয়ে মোট ৭৫টি কেন্দ্রে ৩৫ হাজার ৫০১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে দাখিলে ৮ হাজার ৬৭১ জন এবং ভোকেশনালে ১ হাজার ৭২৩ জন পরীক্ষার্থী রয়েছে।

