যশোর প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র (কেন্দ্র নং-৫৩১) এ এসএসসি-২০২৬ সালের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় গুরুতর অনিয়মের ঘটনা ঘটেছে। ২০২৬ সালের নির্ধারিত সিলেবাসের পরিবর্তে ২০২৫ সালের পুরোনো সিলেবাসের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ায় অন্তত ১২ জন শিক্ষার্থীর ফলাফল ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিত বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় এ ঘটনা ঘটে। জানা যায়, ওই কেন্দ্রের ২০৬ নম্বর কক্ষে ২৩ জন নিয়মিত পরীক্ষার্থী অংশ নেয়। পরীক্ষা শেষে এক শিক্ষার্থী বুঝতে পারে, সে পুরোনো সিলেবাসের প্রশ্নে পরীক্ষা দিয়েছে। বিষয়টি জানাজানি হলে আরও ১১ জনসহ মোট ১২ জন শিক্ষার্থী একই সমস্যার সম্মুখীন হয়েছে বলে নিশ্চিত হওয়া যায়।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর কেন্দ্রজুড়ে উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিক্ষার্থীদের দ্রুত কেন্দ্র ত্যাগ করতে বলা হয়। এতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রশ্ন তোলে—একই কক্ষে একই বিষয়ের দুটি ভিন্ন প্রশ্নপত্র কীভাবে সরবরাহ করা হলো? দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা কেন আগেই বিষয়টি যাচাই করেননি?
এসময় অনেক শিক্ষার্থী কান্নায় ভেঙে পড়ে এবং নিজেদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে।
অভিভাবকরাও তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, কীভাবে এমন ভুল প্রশ্নপত্র কেন্দ্রে এল এবং এর দায়ভার কে নেবে—তা স্পষ্ট করতে হবে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে কেন্দ্রের হল সুপার ও সহকারী শিক্ষক ফারুক হোসেন বলেন, “কীভাবে একই কক্ষে একই বিষয়ের আলাদা দুটি প্রশ্নপত্র এসেছে, তা আমরা নিজেরাও বুঝতে পারছি না। বিষয়টি নিয়ে শিক্ষা বোর্ডে জানানো হবে।”
শার্শা উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুজ্জামান বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

