নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুরে এক নারী চিকিৎসকের চেম্বারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মহানগরের কুনিয়া তারগাছ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্থানীয় বাসিন্দা, চিকিৎসক এবং বিভিন্ন হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা এ কর্মসূচিতে অংশ নেন।
ভুক্তভোগী চিকিৎসক ডা. আফরোজা আক্তার অভিযোগ করেন, পরিকল্পিতভাবে একদল ব্যক্তি তার চেম্বারে ঢুকে হামলা চালায়। এ সময় তারা নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে অনুমতি ছাড়াই ভিডিও ধারণ করে এবং চেম্বারে ভাঙচুর ও লুটপাট করে। হামলায় তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হন বলেও জানান।
তিনি আরও বলেন, ঘটনার সময় তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহায়তা চান। পরবর্তীতে চিকিৎসা গ্রহণ শেষে গাছা থানায় অভিযোগ দায়ের করলেও এখনো তা মামলা হিসেবে নথিভুক্ত হয়নি বলে দাবি করেন।
মানববন্ধন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে ডা. আফরোজা আক্তার বলেন, “হামলার সময় আমার মাথা রক্তাক্ত হলেও তারা আমাকে চিকিৎসা নিতে যেতে দেয়নি। এর আগেও আমাকে চাঁদার জন্য হুমকি দেওয়া হয়েছিল।” তিনি এ ঘটনাকে পূর্বপরিকল্পিত বলে উল্লেখ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। একই সঙ্গে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়নের আহ্বান জানান বক্তারা।

