নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) উৎসাহ-উদ্দীপনা, প্রাণবন্ত অংশগ্রহণ এবং বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের উদ্যোগে দিবসটি পালিত হয়। এ আয়োজনে সহায়তা দেয় আর্মি ফার্মা, জেনট্রি ফার্মা, ব্রিজ বায়োসায়েন্স বিডি, ইনসেপ্টা, নাভানা ফার্মা, সেঞ্চুরি, কেমিস্ট ও অ্যাবন ফার্মা।
এবারের প্রতিপাদ্য ছিল ‘ভেটেরিনারিয়ানরা: খাদ্য ও স্বাস্থ্যের অভিভাবক’, যার মাধ্যমে প্রাণিস্বাস্থ্য, জনস্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা ও গবেষণায় ভেটেরিনারি পেশাজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরা হয়।
শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ভেটেরিনারি অনুষদীয় কমপ্লেক্স থেকে শুরু হয়ে ক্যাম্পাস পরিভ্রমণ শেষে ভেটেরিনারি টিচিং হসপিটাল (ভিটিএইচ) চত্বরে গিয়ে শেষ হয়। এতে অংশগ্রহণকারীরা নানা স্লোগান, প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে ভেটেরিনারিয়ানদের বহুমুখী অবদান তুলে ধরেন।
র্যালি শেষে সকাল সাড়ে ১০টায় ভেটেরিনারি টিচিং হসপিটালের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ তৈমুর ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান এবং ভিটিএইচ-এর পরিচালক প্রফেসর ড. অনুপ কুমার তালুকদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভিটিএইচ-এর সহযোগী পরিচালক প্রফেসর ড. জীবন চন্দ্র দাস।
সভায় বক্তারা ভেটেরিনারি চিকিৎসা, গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথি তার বক্তব্যে ভেটেরিনারি টিচিং হসপিটাল ও সংশ্লিষ্ট ল্যাবসমূহকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ট্রেজারার বিনামূল্যে পশু চিকিৎসা ও ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন। এতে গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে আগত কৃষক ও খামারিরা সেবা গ্রহণ করেন। কর্মসূচির আওতায় ৪৩টি গরু, ৫৪টি ছাগল-ভেড়া, ১৬২টি হাঁস-মুরগি, ২৭টি বিড়াল, ৪টি কুকুর, ১১টি কবুতর এবং ৪টি পোষা পাখিকে চিকিৎসা দেওয়া হয়।
এছাড়া দিবসটি উপলক্ষে ক্যাম্পাসে পরিবেশবান্ধব পশুচিকিৎসা, রোগ প্রতিরোধ ব্যবস্থা এবং ভেটেরিনারি উদ্ভাবন বিষয়ক ফটোগ্রাফিক প্রতিযোগিতা, পোস্টার প্রদর্শনী ও শিক্ষার্থীদের উদ্ভাবিত খাদ্যের স্টল পরিদর্শন করেন অতিথিরা।
উল্লেখ্য, ২০০০ সাল থেকে প্রতি বছর এপ্রিলের শেষ শনিবার বিশ্বব্যাপী বিশ্ব ভেটেরিনারি দিবস উদযাপিত হয়ে আসছে।

