বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান বলেছেন, কৃষকের সুবিধা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকার খাল খনন কার্যক্রম হাতে নিয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার ভরপাশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নাফিতখালি খালের ৪ কিলোমিটার এবং দুপুরে গারুড়িয়া ইউনিয়নের আতাখালি খালের ২ কিলোমিটার পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাই কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আগে যে জমিতে একবার ফসল হতো, এখন সেখানে দুই থেকে তিনবার ফসল উৎপাদন হচ্ছে, যা কৃষি উন্নয়নের একটি বড় অগ্রগতি।
আবুল হোসেন খান আরও বলেন, জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বাড়াতে খাল খনন কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি খাল টেকসই রাখতে খালে বর্জ্য না ফেলার এবং দখলমুক্ত রাখার জন্য সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি নাছির জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব মিজান মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. কামরুজ্জামান, বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আদিল হোসেন এবং সমাজসেবক মাহামুদ সিকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

