মোঃ রুহুল আমিন রাজু, মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মেলান্দহে এক সংবাদ সম্মেলনে নিজের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার অভিযোগ তুলেছেন মেলান্দহ পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থী নূরুল আলম সিদ্দিকী।
শনিবার (২৫ এপ্রিল) সকালে মেলান্দহ রেলওয়ে স্টেশনস্থ সাংবাদিক কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, একটি কুচক্রী মহল ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্ররোচনায় তার রাজনৈতিক ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ণ করতে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে।
লিখিত বক্তব্যে নূরুল আলম সিদ্দিকী বলেন, সম্প্রতি আব্দুর রহমান মন্টু, রাকিবুল ইসলাম রাজা, আব্দুর রাজ্জাক রাজু, রানা এবং আনোয়ারা বেগমসহ কয়েকজন ব্যক্তি তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে সামাজিক যোগাযোগমাধ্যম, টেলিভিশন ও পত্রপত্রিকায় অসত্য তথ্য প্রচার করেছেন। এতে তার দীর্ঘদিনের রাজনৈতিক ক্যারিয়ার ও সামাজিক মর্যাদা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি জানান, ২০০১ থেকে ২০০৫ সালের মধ্যে তিনি বৈধভাবে ফুলছেন্না মৌজায় প্রায় ৫৯ শতাংশ জমি ক্রয় করেন, যার সকল কাগজপত্র ও নামজারি সম্পন্ন রয়েছে। তবে তার অভিযোগ, ওই জমির একটি অংশ দীর্ঘদিন ধরে জোরপূর্বক দখলে রেখেছেন আব্দুর রহমান মন্টু। জমি উদ্ধারের চেষ্টা করলে তাকে হামলা ও মিথ্যা মামলার ভয় দেখানো হয় বলেও উল্লেখ করেন তিনি।
এছাড়া তিনি আরেকটি ঘটনার উল্লেখ করে বলেন, তার প্রবাসী ভাইয়ের কাছ থেকে ক্রয় করা জালালপুর মৌজার আড়াই শতাংশ জমিতে নির্মিত একটি টিনসেট ভবন দীর্ঘদিন ধরে ভাড়া নিয়ে দখল করে রেখেছেন শফিকুল ইসলাম রিপন ও তার স্ত্রী আনোয়ারা বেগম। নির্ধারিত সময় পর্যন্ত ভাড়া প্রদান করলেও ২০১৮ সালের পর থেকে তারা ভাড়া দেওয়া বন্ধ করে দেন এবং প্রভাব খাটিয়ে এখনো বসতবাড়িটি দখলে রেখেছেন বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি আরও দাবি করেন, সংশ্লিষ্ট ব্যক্তিরা স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক পরিচয় ব্যবহার করে তাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন এবং তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার চেষ্টা করছেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, একটি সংঘবদ্ধ চক্র তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে নির্বাচনের আগে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে।
নূরুল আলম সিদ্দিকী বলেন, “আমি দীর্ঘদিন ধরে জনগণের সেবা করে আসছি। আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে গণসংযোগ চালিয়ে যাচ্ছি। আমার জনপ্রিয়তায় ভীত হয়ে প্রতিপক্ষ আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।”
তিনি সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন। পাশাপাশি সাংবাদিকদের কাছে সত্য ঘটনা তুলে ধরার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

