মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের গজারিয়ায় বৃষ্টির মধ্যে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে শাহাদাত হোসেন (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল পৌনে ১১টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের কলসেরকান্দি গ্রাম সংলগ্ন মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহাদাত হোসেন ওই গ্রামের লোকমান মিয়ার ছেলে।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে আবহাওয়া স্বাভাবিক থাকায় শাহাদাত তার পালিত গরুটি বাড়ির পাশের মাঠে চড়াতে দিয়ে আসেন। সকাল ১০টার পর হঠাৎ আকাশ মেঘলা হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। বৃষ্টির তীব্রতা না কমায় শাহাদাত মাঠ থেকে তার গরুটি আনতে যান।
গরু নিয়ে বাড়ি ফেরার পথে সকাল পৌনে ১১টার দিকে আকস্মিক বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। পরবর্তীতে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জসিম উদ্দিন বলেন, “বজ্রপাতে তাঁর মৃত্যু হয়েছে। তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল; সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।”
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত রয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

