বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ দুই সহোদরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন নিয়ামতি ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের সালাম চৌকিদারের ছেলে আব্দুল্লাহ ওরফে রাজা (১৯) এবং আঃ রহমান ওরফে বাদশা (২০)।
পুলিশ জানায়, সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার নিয়ামতি ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে অভিযান চালিয়ে তাদের নিজ বসতঘর থেকে ২০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। অভিযানের সময় তাদের সঙ্গে থাকা আরেক মাদক ব্যবসায়ী সাগর চৌকিদার (২৮) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
বাকেরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ফোরকান হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাজা ও বাদশাকে গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা সম্ভব হয়।
এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আদিল হাসান বলেন, গ্রেপ্তারকৃত দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামি সাগর চৌকিদারকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান থাকবে।

