Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ক্ষেতলালে ওয়াশ ব্লক নির্মাণে অনিয়মের অভিযোগ

জয়পুরহাট প্রতিনিধি
এপ্রিল ২৮, ২০২৬ ৪:৪৮ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় পোস্ট অফিসের সামনে নির্মিত একটি ওয়াশ ব্লককে ঘিরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, টিআর প্রকল্পের বিশেষ বরাদ্দের ১ লাখ ১৫ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন এ প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে এবং অর্থ আত্মসাৎ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে সরেজমিনে দেখা যায়, ওয়াশ ব্লক নির্মাণে নিম্নমানের টাইলস, পুরোনো ইট, পাতলা লোহার গেট এবং অল্প পরিমাণ বালু ব্যবহার করা হয়েছে। স্থানীয়দের দাবি, মিস্ত্রি খাতে প্রায় ৯ হাজার টাকা দেখানো হলেও বাস্তবে কাজের মান অত্যন্ত নিম্নমানের।

স্থানীয়রা অভিযোগ করেন, প্রকল্পের সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া আজিজার রহমান কোনো জনপ্রতিনিধি না হয়েও কীভাবে প্রকল্পের দায়িত্ব পেলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তিনি ক্ষেতলাল শিশু নিকেতনের শিক্ষক হলেও প্রায়ই তাকে বিভিন্ন সভা-সমাবেশে দেখা যায় বলে দাবি করেন স্থানীয়রা।

শহিদুল ইসলাম নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, নিম্নমানের টাইলস ব্যবহারের কারণে মেঝে পিচ্ছিল হয়ে গেছে, যা শিশু ও বৃদ্ধদের জন্য ঝুঁকিপূর্ণ।

অন্যদিকে স্থানীয় একাধিক ব্যক্তি অভিযোগ করেন, শিক্ষকতার আড়ালে তিনি দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে বিভিন্ন প্রকল্পে সুবিধা নিচ্ছেন। তবে এসব অভিযোগকে কেন্দ্র করে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তারা।

অভিযুক্ত আজিজার রহমান বলেন, “প্রকল্পের কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। বরাদ্দের বেশিরভাগ অর্থই কাজে ব্যয় করা হয়েছে।”

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ওবায়দুর রহমান বলেন, “বিশেষ বরাদ্দের প্রকল্পে সাধারণত গণ্যমান্য ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হয়, সেই বিবেচনায় তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।”

এ বিষয়ে ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী জানান, টিআর প্রকল্পের বিশেষ বরাদ্দ গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বাস্তবায়ন করা হয়। একজন শিক্ষক হিসেবে আজিজার রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং বিষয়টি প্রশাসনের নজরদারিতে রয়েছে।

এদিকে স্থানীয়দের দাবি, প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক এবং কাজটি মানসম্মতভাবে সম্পন্ন করা হোক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।