Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীর বেগমগঞ্জে বিএনপি-জামাত সংঘর্ষে গুলিবিদ্ধ ১, আহত ৮

নোয়াখালী প্রতিনিধি
এপ্রিল ২৮, ২০২৬ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নে পূর্ব বিরোধের জেরে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শাকিল মাহমুদ (৩১) নামে এক যুবদল কর্মী গুলিবিদ্ধ হয়েছেন এবং উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন।

সোমবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তাহেরপুর গ্রামের বাহারের দোকান এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ শাকিল মাহমুদ ওই ইউনিয়নের রামেশ্বপুর গ্রামের পাটোয়ারি বাড়ির আলমগীরের ছেলে এবং তিনি যুবদলের সভাপতি প্রার্থী। আহতদের মধ্যে রয়েছেন—মো. আলাউদ্দিন (৫০), মহর আলী (৫৯), তার স্ত্রী মনোয়ারা বেগম (৫০), ছেলে মাহফুজুর রহমান (২২), মেয়ে নাসরিন আক্তার (১৮), আলমগীর হোসেন (২৬) ও জহির (৫০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়ের একটি বিরোধকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত। সোমবার বিকেলে ছয়ানী বাজারে একটি মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এর জেরে রাত সাড়ে ৯টার দিকে তাহেরপুর এলাকায় বিএনপির একাংশ ও জামায়াত-সমর্থিত অপর গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায়, মাহফুজ বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত হলেও তার পরিবারের অধিকাংশ সদস্য জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এ নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্ব থেকেই হামলা ও সংঘর্ষের সূত্রপাত।

সংঘর্ষ চলাকালে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে যুবদল কর্মী শাকিল মাহমুদ বুকে গুলিবিদ্ধ হন এবং গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

এ ঘটনায় পরস্পরবিরোধী অভিযোগ করেছে উভয় পক্ষ। ছয়ানী ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি মো. আলাউদ্দিন দাবি করেন, তিনি মীমাংসা করতে গেলে প্রতিপক্ষ তার ওপর হামলা চালায় এবং তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। অন্যদিকে অভিযুক্ত রাকিব অভিযোগ অস্বীকার করে বলেন, বিএনপি নেতার অস্ত্র থেকে গুলি ছুটে শাকিল আহত হয়েছেন।

ছয়ানী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন চৌধুরী বলেন, এটি বিএনপি-জামায়াত সংঘর্ষ নয়; বরং তাদের মিছিলে হামলা চালানো হয়েছে। অপরদিকে জেলা জামায়াতের সেক্রেটারি বোরহান উদ্দিন দাবি করেন, এটি বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের ফল।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।