Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরে প্রকাশ্য দিবালোকে ১৮ লাখ টাকার স্বর্ণ ছিনতাই, স্বেচ্ছাসেবক দল নেতাসহ আটক ৪

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি
এপ্রিল ২৮, ২০২৬ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুর উপজেলায় পুলিশ বক্সের অদূরে প্রকাশ্য দিবালোকে সংঘটিত হয়েছে দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা। মোটরসাইকেলে থাকা দুই আরোহীর কাছ থেকে প্রায় ৮ ভরি ৪ আনা (৯৬.৫৬ গ্রাম) স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। যার আনুমানিক মূল্য প্রায় ১৮ লাখ ২০ হাজার টাকা। এ ঘটনায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৭ এপ্রিল) বিকেল আনুমানিক ৬টা ১৫ মিনিটে বিরামপুর থানাধীন ৭নং পলিপ্রয়াগপুর ইউনিয়নের শালবাগান মোড় (ঢিবি), ব্যাটারি কারখানা সংলগ্ন বিরামপুর-ফুলবাড়ী মহাসড়কে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলটি উপজেলার ৭ নম্বর পলিপ্রয়াগপুর ইউনিয়নের পুলিশ বক্স ও বিট কার্যালয় থেকে প্রায় ২০০ গজ দক্ষিণে অবস্থিত।

ভুক্তভোগী মানিক দত্ত, ফুলবাড়ী পৌরশহরের মিষ্টি জুয়েলার্সের স্বত্বাধিকারী, জানান—তিনি ভাঙারি স্বর্ণ নিয়ে বিরামপুরে এসে গোল্ড হলমার্ক সেন্টারে তা পরিশোধন করে খাঁটি স্বর্ণের পাত তৈরি করেন। পরে ওই স্বর্ণ নিয়ে কর্মচারী সোহেল রানাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে ফুলবাড়ীর উদ্দেশ্যে রওনা হন।

পথিমধ্যে শালবাগান ঢিবি এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে থাকা ৫ জন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। পরে দেশীয় ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে সোহেল রানার কাছ থেকে মানিব্যাগ ও মানিক দত্তের কাছ থেকে স্বর্ণের পাত ছিনিয়ে নেয়। এ সময় সোহেল রানাকে মারধর করা হলে তিনি আহত হয়ে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

ঘটনার পরপরই পুলিশ ও স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে উপজেলার দুটি পৃথক স্থান থেকে ৪ জনকে আটক করে। এ ঘটনায় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের একাধিক নেতা-কর্মীর নাম উঠে এসেছে বলে জানা গেছে।

আটককৃতদের মধ্যে আশিক হাসান বিরামপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বলে নিশ্চিত করেন দলীয় নেতারা। এ ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

পুলিশ ঘটনাস্থল ও আশপাশে অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল, ছিনতাইয়ে ব্যবহৃত একটি চাপাতি এবং একটি মানিব্যাগ উদ্ধার করেছে। এ ঘটনায় বিরামপুর থানায় মামলা দায়ের হয়েছে।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সরকার জানান, “ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।