ফেনী প্রতিনিধি
কুয়েত থেকে দেশে ফিরেই ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে হৃদ্রোগে আক্রান্ত হয়ে নুরুল ইসলাম সাগর (৩৫) নামে ফেনীর এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম ফেনীর পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের দক্ষিণ শালধর গ্রামের মো. শাহজাহান মিয়ার ছেলে এবং চিথলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। তিনি দুই সন্তানের জনক।
পারিবারিক সূত্র জানায়, জীবিকার সন্ধানে প্রায় ৮ মাস আগে কুয়েতে যান নুরুল ইসলাম। সেখানে বৈধ কাগজপত্র না থাকায় তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়ে কিছুদিন কারাভোগ করেন। পরে তাঁকে দেশে ফেরত পাঠানো হয়। শনিবার দিবাগত রাতে ঢাকায় পৌঁছানোর পর বিমানবন্দরে হঠাৎ বুকে ব্যথা অনুভব করে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
বিমানবন্দরে দায়িত্বরত পুলিশ সদস্যরা দ্রুত তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
নুরুল ইসলামের বাবা মো. শাহজাহান জানান, রাতেই পুলিশ তাদের বাড়িতে এসে ছেলের মৃত্যুর খবর দেয়। পরে স্বজনরা ঢাকায় গিয়ে মরদেহ গ্রহণ করেন।
নিহতের ছোট বোন শেফালী আক্তার বলেন, দেশে ফেরার পর রাজনৈতিক ও ব্যক্তিগত নানা চাপ নিয়ে তিনি উদ্বিগ্ন ছিলেন। মানসিক চাপও তার মৃত্যুর একটি কারণ হতে পারে বলে পরিবারের ধারণা।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম জানান, বিমানবন্দরে অসুস্থ হয়ে পড়ার পর পুলিশ তাঁকে দ্রুত হাসপাতালে নেয়। তাঁর সঙ্গে থাকা পাসপোর্টের ঠিকানা অনুযায়ী বিষয়টি পরিবারের কাছে জানানো হয়।
রোববার (২০ এপ্রিল) বিকেলে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে নুরুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে।

