দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি অভিযানে বিভিন্ন প্রকার মাদক ও মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। আজ শুক্রবার বিকাল পৌনে ৩টার দিকে বিজিবি এ তথ্য জানিয়েছে।
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর
অধীনস্থ’’ জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ বিলগাথুয়া মাঠে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় বিজিবি’র টহল দল অভিযান চালায়।
এসময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৫০ বোতল ট্রিপোলিডাইন হাইড্রোক্লোরাইড ও কোডেইন ফসফেট সমৃদ্ধ মাদক সিরাপ এবং ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদক ও মাদকদ্রব্য বিধি মোতাবেক কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্র জানিয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এ ধরনের অভিযান ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

