মোঃ শামীমুল ইসলাম শামীম, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়ায় অবৈধভাবে শিকার করা ৩৬ ড্রাম গলদা চিংড়ি রেনু পাচারকালে ৫ জনকে দুই মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এছাড়াও উদ্ধার করা চিংড়ি রেনু অবমুক্ত করা হয়েছে।
রোববার সকালে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক এ আদেশ দেন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক জানান, ভোলার দৌলতখান থেকে খুলনা যাওয়ার পথে আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের ডিএসবি ছয়গ্রাম সড়কের দত্তেরাবাদ এলাকায় ভোর সাড়ে সাতটায় বরিশাল কোষ্টগার্ড এর পিওমেট আমজাদ হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৩৬টি ড্রামে চিংড়ি পোনা বোঝাই একটি ট্রাক আটক করা হয়।
এ সময় পাচারকারী ভোলা সদরের রমজানপুর গ্রামের সুলতান বেপারীর ছেলে আলামিন বেপারী (২৫), ধনিয়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে আমির হোসেন (৫০), দৌলতখান এলাকার ছিন্টু হোসেনের ছেলে বিল্লাল হোসেন (৪৫), চরমনসা এলাকার জামাল উদ্দিন জোমাদ্দারের ছেলে তাহিন জোমাদ্দার (২৮) ও রামদাসপুর এলাকার সাহাবুদ্দিন বেপারীর ছেলে কালু বেপারী (৩৫) কে আটকের পর প্রত্যেককে দুই মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। জব্দ করা ৩৬ ড্রাম ভর্তি চিংড়ি রেনু উপজেলার বিভিন্ন খাল ও নদীতে অবমুক্ত করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া থানার এসআই সমীরসহ মৎস্য অফিসের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

