নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর চাটখিল উপজেলায় ৫ বছরের শিশু আসমা আক্তারকে ধর্ষণের পর হত্যার আলোচিত মামলার রায় ঘোষণা পিছিয়ে আগামী ২৪ জুন নির্ধারণ করেছেন আদালত।
রোববার (২৪ মে) নোয়াখালীর বিশেষ শিশু ট্রাইব্যুনালের বিচারক ফারজানা আক্তার এ তারিখ ধার্য করেন। এদিন রায় ঘোষণার কথা থাকলেও বিচারক এজলাসে বসে রায়ের তারিখ পুনর্নির্ধারণ করেন।
নিহত আসমা আক্তার উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা গ্রামের মৃধা বাড়ির মাওলানা মো. শাহজাহানের মেয়ে। মামলার একমাত্র আসামি শাহাদাত একই বাড়ির বাবুল হোসেনের ছেলে এবং আসমার জেঠাতো ভাই।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৪ মার্চ দুপুরে বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু আসমা। নিখোঁজের ৯ দিন পর বাড়ির পেছনের সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তারের পর আসামি শাহাদাত আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানায়, ধর্ষণের পর ঘটনা ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায় সে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করে এবং মরদেহ সেপটিক ট্যাংকে ফেলে রাখে।
ঘটনাটি ঘটার পর নোয়াখালীজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়রা বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যানারে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে আসামির দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানায়।
দীর্ঘ চার বছরের বিচারিক প্রক্রিয়া শেষে শিশু আসমার পরিবার এখন আসামির ফাঁসির রায়ের অপেক্ষায় রয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শুক্লা সাহা রায় পেছানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
এই মামলায় রায় ঘোষণার জন্য এখন সবার দৃষ্টি আগামী ২৪ জুনের দিকে।

