শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আইয়ুব খানকে দল থেকে বহিষ্কারের মৌখিক নির্দেশ দিয়েছেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।
দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. মোহন মন্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, আইয়ুব খানের ভাঙারির দোকান থেকে দৌলতদিয়া ইউনিয়ন ভূমি অফিসের চুরি যাওয়া মালামালসহ বিদেশি মদ উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। মামলায় আইয়ুব খান, তার দুই ছেলে আরিফ ও অনিক এবং শ্যালক হালিমসহ অজ্ঞাত আরও ২/৩ জনকে আসামি করা হয়।
তিনি আরও জানান, বিষয়টি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। এ প্রেক্ষিতে সোমবার রাজবাড়ী থেকে ঢাকাগামী ফেরিতে অবস্থানকালে প্রতিমন্ত্রী আইয়ুব খানকে বহিষ্কারের মৌখিক নির্দেশ দেন। শিগগিরই লিখিত বহিষ্কার চিঠি প্রদান করা হবে বলে জানা গেছে।
এর আগে গত রোববার গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খানের নেতৃত্বে আইয়ুব খানের ছেলের ভাঙারির দোকানে অভিযান চালানো হয়। অভিযানে তিন বোতল বিদেশি মদসহ চুরি হওয়া সরকারি মালামাল উদ্ধার করা হয় বলে প্রশাসন জানায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দোকান থেকে বিভিন্ন চোরাই মোটর, মোটরসাইকেল ও গাড়ির যন্ত্রাংশসহ নানা মালামালও উদ্ধার করা হয়।
এদিকে গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গোয়ালন্দে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এর পাশাপাশি পৃথক একটি মামলায় দৌলতদিয়া যৌনপল্লীতে সংঘর্ষ ও হামলার ঘটনায়ও আইয়ুব খান, তার দুই ছেলে ও জামাতাসহ একাধিকজনকে আসামি করা হয়েছে।
অভিযোগ প্রসঙ্গে আইয়ুব খান দাবি করেন, বিষয়টি নিয়ে অতিরিক্ত বিভ্রান্তি ছড়ানো হচ্ছে এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন।
এ বিষয়ে আনুষ্ঠানিক বহিষ্কারপত্র এখনও প্রকাশ হয়নি বলে দলীয় সূত্র জানিয়েছে।

