গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী টরকী বন্দরে দুই ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন ব্যবসায়ীরা। এ সময় তারা অর্ধদিবস দোকানপাট বন্ধ রেখে কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে টরকী বন্দর বণিক সমিতির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বন্দরের ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অভিযোগ অনুযায়ী, টরকী বন্দরের ব্যবসায়ী শিশির রাহা ও নুরুল ইসলামের কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ২ জুন রাতে একদল ব্যক্তি তাদের ওপর হামলা চালায়। এতে ওই দুই ব্যবসায়ী আহত হন বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার প্রতিবাদে সকাল ১০টায় টরকী বন্দর বণিক সমিতির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বন্দর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাকস্ট্যান্ড এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন টরকী বন্দর বণিক সমিতির সভাপতি শরীফ শাহাবুব হাসান। বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক বদিউজ্জামান চঞ্চল মাঝি, কোষাধ্যক্ষ মো. অলিউল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক দিদার শরীফসহ অন্যরা।
সমাবেশে বক্তারা বলেন, ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ব্যবসার পরিবেশ নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং বন্দরে নিরাপদ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
সভাপতির বক্তব্যে শরীফ শাহাবুব হাসান বলেন, “টরকী বন্দর একটি ঐতিহ্যবাহী ব্যবসা কেন্দ্র। এখানে চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।”
অভিযোগের বিষয়ে অভিযুক্ত শফিকুর রহমান রেজাউল শিকদারের বক্তব্য জানতে তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল বলেন, “এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

