নওগাঁ প্রতিনিধি
স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ কর্তৃক গৃহীত বিভিন্ন সিদ্ধান্তের প্রতিবাদ, চিকিৎসকদের ওপর আরোপিত বৈষম্য নিরসন এবং ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে নওগাঁয় মানববন্ধন ও অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা।
রোববার (৭ জুন) বেলা সাড়ে ১২টার দিকে ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালের সামনে নওগাঁ মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক ও সাধারণ শিক্ষার্থীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে অংশ নিয়ে চিকিৎসক ও শিক্ষার্থীরা এফসিপিএস ট্রেনিং সংক্রান্ত স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ কর্তৃক ১৯ মে ২০২৬ তারিখে গৃহীত সিদ্ধান্ত ৪৮ ঘণ্টার মধ্যে বাতিল করে নতুন নির্দেশনা জারি, বিসিএস স্বাস্থ্য ক্যাডারে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর নির্ধারণ, স্বাস্থ্যকর্মী নিরাপত্তা আইন প্রণয়ন এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিশ্চিত করার দাবি জানান।
এছাড়া দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসকরা। তাদের দাবির প্রতি সংহতি জানিয়ে নওগাঁ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেন।
মানববন্ধনে বক্তব্য দেন নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ডা. নাদিয়া বিনতে কাজল, ডা. হাসিবুল হাসান রাকিব, ডা. বারিউল হায়দার, ডা. মারুফ বিল্লাহ এবং নওগাঁ মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী আনিসুর রহমানসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, চিকিৎসকদের জন্য উপযুক্ত প্রশিক্ষণ, নিরাপত্তা ও আর্থিক সুরক্ষা নিশ্চিত না হলে রোগীদের সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা প্রদান ব্যাহত হবে। তারা দাবি করেন, স্বাস্থ্যখাতের সমস্যাগুলোর সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
ইন্টার্ন চিকিৎসক ডা. নাদিয়া বিনতে কাজল বলেন, “বাংলাদেশের স্বাস্থ্যসেবায় ইন্টার্ন চিকিৎসকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কিন্তু কর্মক্ষেত্রে নিরাপত্তা ও ন্যায্য ভাতা নিশ্চিত না হলে সেবার মান ধরে রাখা কঠিন হয়ে পড়বে।”
ডা. হাসিবুল হাসান রাকিব বলেন, “সারাদেশের ইন্টার্ন চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে। চিকিৎসকদের সুরক্ষা এবং রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে এসব দাবি বাস্তবায়ন জরুরি।”
চিকিৎসক ও শিক্ষার্থীদের ঘোষিত ৬ দফা দাবির মধ্যে রয়েছে— এফসিপিএস ট্রেনিং সংক্রান্ত সিদ্ধান্ত বাতিল, বিসিএস স্বাস্থ্য ক্যাডারে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর নির্ধারণ, স্বাস্থ্যকর্মী নিরাপত্তা আইন প্রণয়ন, ইন্টার্ন চিকিৎসকদের বেতন ৩০ হাজার টাকা এবং বেসরকারি ট্রেইনি চিকিৎসকদের বেতন ৫০ হাজার টাকায় উন্নীতকরণ, বেসরকারি চিকিৎসকদের জন্য সুনির্দিষ্ট বেতন কাঠামো প্রণয়ন, বিএমডিসি আইন বাস্তবায়নের মাধ্যমে অবৈধ চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং বিসিপিএস ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফি সর্বোচ্চ ১ হাজার টাকার মধ্যে নির্ধারণ।

