রাজশাহী প্রতিনিধি
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেছেন, রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নিতে সিটি কর্পোরেশন কাজ করছে। খেলাধুলার উন্নয়ন, নতুন প্রতিভা সৃষ্টি এবং তরুণ সমাজকে ক্রীড়ামুখী করতে প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করা হবে বলে তিনি জানান।
রবিবার (৭ জুন) বিকেলে নগরীর ১৭নং ওয়ার্ডের রায়পাড়া বালুর মাঠে আয়োজিত বিসমিল্লাহ এন্টারপ্রাইজ প্রেজেন্টস ১৭ নং ওয়ার্ড ক্রিকেট লীগ সিজন-৯, ২০২৬ এর গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আগামী দিনে রাজশাহী থেকে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় গড়ে তুলতে রাসিক সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবে। একই সঙ্গে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে নিয়মিত টুর্নামেন্ট আয়োজনকে উৎসাহ দেওয়া হচ্ছে।
রাসিক প্রশাসক আরও বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতিটি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি তিন থেকে চারটি ওয়ার্ডের জন্য একটি করে কবরস্থান নির্মাণের উদ্যোগও গ্রহণ করা হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ যেমন ক্রিকেটে বিশ্বমঞ্চে সাফল্যের সঙ্গে অংশগ্রহণ করছে, তেমনি ভবিষ্যতে ফুটবল বিশ্বকাপেও অংশ নিয়ে দেশ গৌরব বয়ে আনবে।
অনুষ্ঠানে ১৭নং ওয়ার্ড ক্রিকেট লীগ আয়োজন করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহমখদুম থানা বিএনপির সদস্য সচিব ও বিসমিল্লাহ এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর মোঃ নাসিম খান।
এতে আরও উপস্থিত ছিলেন চন্দিমা থানা বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম জনি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রেজাউল করিম রঞ্জু, যুগ্ম আহ্বায়ক শাহজাহান আলী, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সদস্য সচিব মজিউল আহসান হিমেল, ১৯ নং ওয়ার্ড (উত্তর) বিএনপির সভাপতি মনিরুজ্জামান ডাবলু, চন্দিমা থানা নেতা জাহাঙ্গীর, হযরত, মুন্না, ১৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বেলাল আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ জামাল, শাহমখদুম থানা শ্রমিক দলের সাবেক সভাপতি আলমাস খান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন, ১৭ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি মোঃ জাকির হোসেন টিটু এবং ১৭ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মোঃ আব্দুল্লাহ প্রমুখ।
উল্লেখ্য, ১৭ নং ওয়ার্ড ক্রিকেট লীগ সিজন-৯ এর ফাইনাল খেলায় জান্নাত হাউজিং দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাগানপাড়া স্ট্রাইকারস। খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

