নওগাঁ প্রতিনিধি
নওগাঁর বদলগাছী উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় সাহিদা বেগম (৭২) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) সকালে উপজেলার কোলা ইউনিয়নের ভান্ডারপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর পিকআপ ভ্যানের চালককে আটক করেছে পুলিশ।
নিহত সাহিদা বেগম উপজেলার ভান্ডারপুর পূর্বপাড়া গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের স্ত্রী। আটক চালক মো. জাহাঙ্গীর আলম (৩৫) ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার দক্ষিণ নুরকোলা গ্রামের রমজান আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল আনুমানিক পৌনে ৯টার দিকে সাহিদা বেগম ভান্ডারপুর বাজার এলাকায় পাকা সড়ক পার হচ্ছিলেন। এ সময় আক্কেলপুর থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যান তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মাথা ও ডান হাতে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। পরে স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যান।
খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপ ভ্যানটি জব্দ করে এবং চালক মো. জাহাঙ্গীর আলমকে আটক করে থানায় নিয়ে যায়।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, “দুর্ঘটনায় একজন বৃদ্ধা নিহত হয়েছেন। পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”

