মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মান্দা উপজেলায় আম পাড়াকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে তৈয়বুর রহমান মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করেছে।
সোমবার (৮ জুন) সকাল ৭টার দিকে উপজেলার পরানপুর ইউনিয়নের হাটোর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তৈয়বুর রহমান মোল্লা ওই গ্রামের মৃত দিনু মোল্লার ছেলে।
স্থানীয় সূত্র ও নিহতের পরিবারের অভিযোগ, ঘটনার পাঁচদিন আগে নিহতের ভাগ্নি মেহেরুনের সঙ্গে প্রতিবেশী কয়েকজনের শিশুদের আম পাড়াকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়। ওই ঘটনার জের ধরে সোমবার সকালে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে লাঠিসোটা নিয়ে মেহেরুনের বাড়িতে প্রবেশ করে হামলা চালায়। এ সময় মেহেরুনকে মারধরের একপর্যায়ে তার মামা তৈয়বুর রহমান এগিয়ে এলে তাকেও বেধড়ক পিটিয়ে আহত করা হয়।
পরিবারের দাবি, হামলার ফলে ঘটনাস্থলেই তৈয়বুর রহমানের মৃত্যু হয়। এ ঘটনায় মেহেরুন, তার দুই ছেলে এবং নাতি রিহান (৭) গুরুতর আহত হন। আহতদের মধ্যে রিহানের একটি হাত ভেঙে গেছে বলে জানা গেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন ইমরান হোসেন (৩২), সোজাত (২৫), হামিদুর ওরফে আকু (২৭), সুমন (২৪), মাজেদুর রহমান (২৫), সজিব হোসেন (২৫), স্বাধীন (২১), কামরান (৩০), সৈয়ব আলী (৬৫), লুৎফুন্নাহার (৫৫) ও আমিনুর রহমান (৪০)।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বাধীন ও সৈয়ব আলী নামে দুইজনকে আটক করেছে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

