আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাই উপজেলা পরিষদ চত্বরের মাঠের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে আরসিসি (রিইনফোর্সড সিমেন্ট কংক্রিট) ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১২ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
জানা যায়, বর্ষা মৌসুমে কিংবা সামান্য বৃষ্টিপাত হলেই উপজেলা পরিষদ মাঠে পানি জমে থাকত। ফলে সরকারি দপ্তরের কার্যক্রম পরিচালনা এবং সাধারণ মানুষের চলাচলে নানা ধরনের ভোগান্তি সৃষ্টি হতো। এ সমস্যা নিরসনে উপজেলা প্রশাসনের উদ্যোগে আধুনিক ও টেকসই আরসিসি ড্রেন নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলাম রেজু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সরকারি সেবাগ্রহণে আসা মানুষের দুর্ভোগ কমানো এবং জনসেবার মান উন্নয়নই আমাদের মূল লক্ষ্য। এই ড্রেন নির্মাণের মাধ্যমে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে এবং উপজেলা পরিষদ চত্বরের পরিবেশ আরও উন্নত হবে।”
প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ড্রেনটি নির্মাণ সম্পন্ন হলে মাঠের পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত হবে। এতে বর্ষাকালেও মাঠে পানি জমে থাকার সমস্যা থাকবে না এবং উপজেলা পরিষদ এলাকার সার্বিক পরিবেশের উন্নয়ন ঘটবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান, আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার ও মো. নিয়ামত আলী বাবু, সাংগঠনিক সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলম, রাণীনগর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. অফিজ উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

