রাজশাহী প্রতিনিধি
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দুর্গম চর আষাড়িয়াদহ ইউনিয়নের প্রায় ৭০০ দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (১৪ জুন) সকাল ৯টা থেকে ইউনিয়নের আষাড়িয়াদহ কানাপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে রাজশাহী ব্যাটালিয়ন-১ বিজিবির উদ্যোগে দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষদের স্বাস্থ্য পরীক্ষা করেন রাজশাহী মেডিকেল কলেজের অভিজ্ঞ চিকিৎসকরা।
ক্যাম্পে অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়। চিকিৎসা কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান ও পর্যবেক্ষণ করেন রাজশাহী ব্যাটালিয়ন-১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার।
স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা বলেন, চর আষাড়িয়াদহ একটি দুর্গম ও যোগাযোগবিচ্ছিন্ন এলাকা। এখানে একটি স্বাস্থ্যকেন্দ্র থাকলেও দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকট ও ওষুধের অভাবে নিয়মিত স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। ফলে সামান্য চিকিৎসার জন্যও স্থানীয়দের নদী পেরিয়ে দূর-দূরান্তে যেতে হয়।
তারা চরবাসীর নিয়মিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এলাকায় একটি আধুনিক ও মানসম্মত চিকিৎসাকেন্দ্র স্থাপনের দাবি জানান।

