হাবিবুল বারি হাবিব, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে অভিযান চালিয়ে ১৬২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৪ জুন) ভোর ও বিকেলে পৃথক দুটি বিশেষ অভিযানে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এসব সিরাপ উদ্ধার করে।
বিজিবি সূত্রে জানা গেছে, ভোর ৫টা ১৫ মিনিটে মনাকষা বিওপির সদস্যরা শিবগঞ্জ উপজেলার রাণীহাটি ইউনিয়নের কোটালীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪৪ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ করেন। পরে একই এলাকায় বিকেল ৩টা ৪৫ মিনিটে পরিচালিত আরেকটি অভিযানে আরও ১১৮ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৫ হাজার টাকা। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত সিরাপগুলো শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযানে ৫৩ বিজিবির সাফল্য চলতি মাসেও অব্যাহত রয়েছে। জুন মাসে ব্যাটালিয়নটি মোট ৬২১ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ, ৪৪ বোতল ফেয়ারডিল সিরাপ এবং ৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৭৮ হাজার টাকা।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান বলেন, “সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ-ইন প্রতিরোধ এবং সব ধরনের অবৈধ চোরাচালান বন্ধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে আমাদের সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।”
স্থানীয়দের মতে, সীমান্ত এলাকায় ৫৩ বিজিবির নিয়মিত অভিযান ও কঠোর নজরদারির কারণে মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিদের তৎপরতা অনেকটাই কমে এসেছে। সীমান্ত নিরাপত্তা ও মাদক নিয়ন্ত্রণে ব্যাটালিয়নটির ভূমিকা বিভিন্ন মহলে প্রশংসিত হচ্ছে।

