মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মান্দা উপজেলার ২৩নং নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোমেন্দ্রনাথ হাজেরার বিরুদ্ধে শিক্ষার্থীদের সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ উঠেছে।
অভিযোগের পর সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ক্ষুব্ধ অভিভাবকেরা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস ঘেরাও করেন। তবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযুক্ত শিক্ষক বিদ্যালয় থেকে সরে যান বলে স্থানীয়রা জানান।
সরেজমিনে দেখা যায়, অভিভাবকেরা প্রধান শিক্ষককে না পেয়ে বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থান নিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি কিছু শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক আচরণ করে আসছিলেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে একাধিক অভিভাবক জানান, ঘটনার বিষয়ে তারা আগেও অভিযোগ করলেও বিষয়টি যথাযথভাবে সমাধান হয়নি। পরে নতুন করে অভিযোগ উঠলে তারা একত্র হয়ে বিদ্যালয়ে অবস্থান নেন।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী বলেন, “অভিভাবকদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তাৎক্ষণিকভাবে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

