জয়পুরহাট প্রতিনিধি
“দুর্নীতিকে না বলুন, সততার জীবন গড়ুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাই উপজেলায় দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে তিন দিনব্যাপী দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে।
সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ১০টায় কালাই উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আরা।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ১৫, ১৬ ও ১৭ জুন পর্যন্ত এ প্রতিযোগিতা চলবে। আয়োজকদের তথ্য অনুযায়ী, ১৫ জুন প্রথম রাউন্ড, ১৬ জুন সেমিফাইনাল এবং ১৭ জুন ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় উপজেলার ১১টি বিদ্যালয় ও মাদ্রাসা অংশ নিচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও শামীমা আরা বলেন, “দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের সচেতন, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। বিতর্ক চর্চা তাদের যুক্তিবাদী ও দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।”
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের অংশগ্রহণে এ ধরনের আয়োজন দুর্নীতিবিরোধী সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিতর্কের মাধ্যমে তারা সততা, ন্যায়নিষ্ঠা ও মানবিক মূল্যবোধ সম্পর্কে আরও সচেতন হবে।
অনুষ্ঠানে দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

