বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে এক সৌদি প্রবাসীর পরিবারকে মিথ্যা মামলা, হামলা, অগ্নিসংযোগ, হুমকি এবং পরিবারের এক সদস্যকে হত্যাচেষ্টার অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলার বগারচর ইউনিয়নের টাংগারীপাড়া গ্রামে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সৌদি প্রবাসী আলতাব হোসেনের মা কুলসুম বেগম, স্ত্রী শিল্পী বেগম এবং ভাই মো. আসাদুল্লাহ।
এ সময় তারা টাংগারীপাড়া গ্রামের নুরুল আমিন নটকা, তার ছেলে আবদুর রহিম, শহিদুল্লাহসহ সংশ্লিষ্টদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ভুক্তভোগী মো. আসাদুল্লাহ অভিযোগ করে বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দীর্ঘদিন ধরে তাদের পরিবারের সঙ্গে নুরুল আমিন নটকা ও তার সহযোগীদের বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২ জুন সন্ধ্যায় স্থানীয় নঈম মিয়ার বাজার থেকে বাড়ি ফেরার পথে তার ভাই হযরত আলীর পথরোধ করে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও মারধর করা হয়।
তিনি জানান, স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় হযরত আলীকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি গুরুতর শারীরিক জটিলতায় ভুগছেন।
মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করেন, প্রতিপক্ষরা তাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। পাশাপাশি তাদের বাড়িতে অগ্নিসংযোগ এবং পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে। এসব ঘটনায় পরিবারটি চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে বলে দাবি করা হয়।
মানববন্ধন থেকে ভুক্তভোগী পরিবার অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত এবং ঘটনার বিচার দাবি করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

