জুলফিকার বাবলু, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিএনপির উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ প্রভাব থেকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীরা অংশ নেন। বালিজুড়ী বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন।
র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, হাফিজুর রহমান সাঁকু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহ মুহাম্মদ মজনু ফকির, পৌর বিএনপির সভাপতি মো. আব্দুল গফুর, সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেলসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “মাদক আজ সমাজ ও তরুণ প্রজন্মের জন্য এক ভয়াবহ হুমকি। মাদকের মরণছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে হলে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
তারা আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে ফিরিয়ে এনে একটি সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

