নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
আসন্ন রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে গাজীপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার।
সভায় রথযাত্রা উৎসব শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এতে অংশগ্রহণকারী সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ উৎসবকে ঘিরে তাদের মতামত, প্রত্যাশা ও বিভিন্ন পরামর্শ তুলে ধরেন।
পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার উপস্থিত সকলের বক্তব্য মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে রথযাত্রা উদযাপনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস প্রদান করেন।
তিনি বলেন, সকলের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে উৎসব সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করা সম্ভব। এ লক্ষ্যে পুলিশ প্রশাসন প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে।
সভায় সনাতন ধর্মীয় নেতা বাপ্পী দে-এর নেতৃত্বে বিভিন্ন মন্দির ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। তারা নিরাপদ ও আনন্দঘন পরিবেশে রথযাত্রা আয়োজনের বিষয়ে পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় উৎসব চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষা, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, জননিরাপত্তা এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়।

