Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইল থেকে চুরি হওয়া ইজিবাইক সখিপুরে উদ্ধার, আন্তঃজেলা চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার

Link Copied!

শাহীন আহমেদ, ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি

নড়াইল থেকে চুরি হওয়া একটি ব্যাটারিচালিত ইজিবাইক শরীয়তপুরের সখিপুরে এনে লুকিয়ে রাখার ঘটনায় আন্তঃজেলা চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে সখিপুর থানা পুলিশ। টানা দুই দিনের অনুসন্ধান ও অভিযানের পর বৃহস্পতিবার (২৫ জুন) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে চুরি হওয়া ইজিবাইকটিও উদ্ধার করা হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, নড়াইল থেকে ইজিবাইকটি চুরি করে আনার সময় চালককে শরীয়তপুরের কার্তিকপুর ব্রিজ সংলগ্ন এলাকায় ফেলে রেখে যায় চক্রের সদস্যরা। চালকের বয়স আনুমানিক ১৫ থেকে ১৬ বছর। তাকে চেতনানাশক জাতীয় কিছু খাওয়ানো হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বর্তমানে সে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

ঘটনার পরপরই সখিপুর থানা পুলিশ তদন্ত শুরু করে। গত দুই দিন ধরে বিভিন্ন স্থানে তথ্য সংগ্রহ, গোয়েন্দা তৎপরতা এবং অভিযান পরিচালনার মাধ্যমে চোরচক্রের সদস্যদের শনাক্ত করা হয়। পরে পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—সখিপুর উপজেলার মল্লিক কান্দি গ্রামের সুমন হাওলাদার (৩৬), সরদার কান্দি গ্রামের পলাশ রাড়ি (৩৫) এবং শরীয়তপুর সদর উপজেলার বাছারকান্দি গ্রামের সাধু খলিফা (৪৯)। বর্তমানে সাধু খলিফা নড়িয়া উপজেলার লোনসিং ইউনিয়নের বাহির দিঘীরপাড় এলাকায় বসবাস করেন।

এ ঘটনায় সখিপুর থানায় এফআইআর নং-২৭, তারিখ ২৫ জুন ২০২৬ মূলে দণ্ডবিধির ৩৭৯/৪১১/৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হোসেন বলেন, “চুরি হওয়া ইজিবাইক উদ্ধার এবং এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে। চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

তিনি আরও বলেন, “শুধু তিনজনকে গ্রেপ্তার করলেই দায়িত্ব শেষ নয়। এ চক্রের মূলহোতা, চোরাই যানবাহন ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ব্যক্তি এবং তাদের পৃষ্ঠপোষকদেরও আইনের আওতায় আনতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ অনেকাংশে কমে আসবে।”

সখিপুর থানা ছাত্রদলের সাবেক সভাপতি নিহাদ মাহমুদ সরদার বলেন, “ইজিবাইক অনেক খেটে খাওয়া মানুষের একমাত্র জীবিকার উৎস। সংঘবদ্ধ চোরচক্রের কারণে সাধারণ মানুষ সর্বস্ব হারাচ্ছেন। সখিপুর থানা পুলিশের এই সফল অভিযান প্রশংসার দাবিদার।”

স্থানীয় সচেতন মহলের মতে, সংঘবদ্ধ চোরচক্রের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযান যেমন প্রয়োজন, তেমনি অপরাধ দমনে সামাজিক প্রতিরোধও গড়ে তুলতে হবে। চুরি, মাদক, জুয়া, চাঁদাবাজি ও দখলবাজির মতো অপরাধের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি কোনো অপরাধীর পক্ষে তদবির না করার আহ্বান জানিয়েছেন তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।