ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে অভিযান চালিয়ে প্রায় ২৬ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৮৮০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মো. রানা গাজী (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
গ্রেপ্তার রানা গাজী সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার সখিপুর এলাকার রহিম গাজীর ছেলে।
শনিবার (২৭ জুন) দুপুরে র্যাব-১০ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শুক্রবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০, সিপিসি-৩ (ফরিদপুর ক্যাম্প)-এর একটি আভিযানিক দল ফরিদপুর কোতয়ালী থানাধীন রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় ঢাকা-সাতক্ষীরা মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসায়। এ সময় সন্দেহভাজন একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৮৮০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপ উদ্ধার করা হয় এবং রানা গাজীকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রানা নিজেকে একজন পেশাদার মাদক ব্যবসায়ী বলে স্বীকার করেছেন। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে স্কাফ সিরাপসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ফরিদপুর, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। এছাড়া তিনি সাতক্ষীরা জেলার দেবহাটা থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি।
র্যাব-১০-এর কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, উদ্ধারকৃত মাদক ও জব্দকৃত প্রাইভেটকারসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
তিনি আরও বলেন, মাদক, অস্ত্র ও সন্ত্রাসবিরোধী র্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

