মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জ পৌর এলাকার চর বওলা গ্রামে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন অবসরপ্রাপ্ত সেনা সার্জন মো. আব্দুল আজিজ।
শনিবার (২৭ জুন) দুপুরে মাদারগঞ্জ পৌর এলাকার বালিজুড়ী বাজারের একটি হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি।
লিখিত বক্তব্যে আব্দুল আজিজ দাবি করেন, প্রতিবেশী বিপ্লব প্রামানিক, মহারাজ প্রামানিকসহ কয়েকজনের সঙ্গে একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে প্রতিপক্ষ তিনটি মামলা করলেও আদালত জমির কাগজপত্র পর্যালোচনা করে সবগুলো মামলায় তার পক্ষে রায় দিয়েছেন। তিনি বলেন, জমিটি নিজের নামে খারিজ করে খতিয়ানভুক্ত করেছেন এবং নিয়মিত খাজনা পরিশোধ করে সেখানে তিন বছর ধরে বসবাস করছেন।
তার অভিযোগ, গত ২৪ জুন দুপুর সাড়ে ১২টার দিকে বিপ্লব প্রামানিক, মহারাজ প্রামানিকসহ ২০ থেকে ২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ঘরবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়। তিনি প্রাণভয়ে ঘরের একটি কক্ষে আশ্রয় নেন। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা তার বাড়ি থেকে নগদ ৫ লাখ টাকা, প্রায় ২ ভরি স্বর্ণালঙ্কার (আনুমানিক মূল্য ৪ লাখ টাকা) নিয়ে যায় এবং ঘরবাড়ি ও গাছপালা ভাঙচুর করে। এতে তার প্রায় ১১ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন।
এ ঘটনায় তিনি বাদী হয়ে গত ২৫ জুন মাদারগঞ্জ মডেল থানায় বিপ্লব প্রামানিককে প্রধান আসামি করে ৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। তিনি জানান, মামলার প্রধান আসামি বিপ্লবকে পুলিশ গ্রেপ্তার করেছে।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, মামলা দায়েরের পর থেকে আসামিপক্ষ বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিচ্ছে। এতে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে মাদারগঞ্জ অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থার সভাপতি সিনিয়র সেনা সার্জন (অব.) মো. আসাদুজ্জামান, সাধারণ সম্পাদকসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। তারা ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

