ওমর ফারুক,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাই উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খায়রুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। শিশুদের সুস্থ ও সবলভাবে গড়ে তুলতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপুষ্টি দূরীকরণ ও রাতকানা রোগসহ অন্ধত্ব প্রতিরোধে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কার্যকর ভূমিকা রাখে। উপজেলার কোনো শিশুই যেন এ কর্মসূচি থেকে বাদ না পড়ে, সে বিষয়ে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিত প্রচেষ্টায় এ ক্যাম্পেইন শতভাগ সফল করা সম্ভব। পাশাপাশি অভিভাবকদের সচেতন করতে ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
সভায় শিশুদের পুষ্টি নিশ্চিতকরণ, ভিটামিন ‘এ’ ক্যাপসুলের উপকারিতা এবং ক্যাম্পেইন বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া মাঠপর্যায়ের কর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও কর্মপরিকল্পনা প্রদান করা হয়।
সভায় স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কর্মকর্তা, আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি মো. রহুল আমিন, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মো. নিয়ামত আলী বাবু, স্থানীয় গণমাধ্যমকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট মাঠপর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন।

