আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটায় পৃথক অভিযানে ২৫ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারি ও এক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার (২৬ জুন) রাত ১২টার দিকে দেবহাটা থানার পিএসআই বিপ্লব মালাকার ও এএসআই (নিঃ) সাগর আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপজেলার উত্তর সখিপুর এলাকা থেকে ২৫ গ্রাম গাঁজাসহ সাগর আহমেদ (২৬)কে গ্রেপ্তার করা হয়। তিনি উত্তর সখিপুর এলাকার আবুল কাশেমের ছেলে।
একই রাতে পৃথক অভিযানে কুলিয়া এলাকা থেকে পরোয়ানাভুক্ত আসামি মিজানুর রহমান (২৭)কে গ্রেপ্তার করা হয়। তিনি বালিয়াডাঙ্গা (আশু মার্কেট) এলাকার আইজুল মিস্ত্রি ওরফে আজিজুল জোয়ার্দ্দারের ছেলে।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

