শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
পূর্ব সুন্দরবনে নিষিদ্ধ সময়ে অবৈধভাবে মাছ ধরার সময় ট্রলারসহ তিন জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় মাছ ধরার জাল ও অন্যান্য সরঞ্জামও জব্দ করা হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, শনিবার (২৭ জুন) বিকেলে সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের স্মার্ট টিম কটকা অভয়ারণ্যের বদরউদ্দিন খালে টহলকালে একটি ট্রলারে কয়েকজন জেলেকে মাছ ধরতে দেখে অভিযান চালায়। এ সময় তিন জেলেকে হাতেনাতে আটক করা হয়।
আটক জেলেরা হলেন শরণখোলা উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের বাচ্চু হাওলাদার, মো. সবুর হাওলাদার এবং মালিয়া রাজাপুর গ্রামের মো. বেল্লাল হাওলাদার।
অভিযানে ব্যবহৃত ট্রলার, মাছ ধরার জাল ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে। পরে আটক জেলেদের বন আইনে মামলা দিয়ে বাগেরহাট আদালতে পাঠানো হয়।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম বলেন, “বর্তমানে সুন্দরবনে মাছ আহরণে তিন মাসের নিষেধাজ্ঞা চলছে। নিষেধাজ্ঞা অমান্য করে কটকা অভয়ারণ্যে অবৈধভাবে প্রবেশ করে মাছ ধরার সময় তিন জেলেকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।”

