Nabadhara
ঢাকাসোমবার , ২৯ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ডুমুরিয়ার টিপনা কমিউনিটি ক্লিনিকে চিকিৎসক অনুপস্থিতির অভিযোগ, ভোগান্তিতে রোগীরা

খুলনা প্রতিনিধি
জুন ২৯, ২০২৬ ১০:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

খুলনা প্রতিনিধি

খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নের টিপনা কমিউনিটি ক্লিনিকে নিয়মিত চিকিৎসক না পাওয়ার অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তাদের দাবি, দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক প্রায়ই কর্মস্থলে অনুপস্থিত থাকেন। ফলে চিকিৎসাসেবা নিতে এসে হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে রোগীদের। একই সঙ্গে ক্লিনিকের পরিবেশ, ওষুধ সরবরাহ ও সেবার মান নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

 

সম্প্রতি সরেজমিনে ক্লিনিক পরিদর্শনে দেখা যায়, ভবনের চারপাশ আগাছা ও ঝোপঝাড়ে ছেয়ে গেছে। অপরিচ্ছন্ন পরিবেশে দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় পরিচর্যা ও তদারকির অভাবের চিত্র স্পষ্ট।

 

স্থানীয় বাসিন্দা ও টিপনা পশ্চিমপাড়া মসজিদের ইমাম শহিদুল সর্দার বলেন, “এখানে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসেবা ঠিকমতো পাওয়া যায় না। সরকারিভাবে বরাদ্দ থাকা ওষুধও অনেক সময় থাকে না। চিকিৎসকের কাছ থেকেও কাঙ্ক্ষিত সেবা পাওয়া যায় না।”

 

স্থানীয় বাসিন্দা এরশাদ সরদার বলেন, “ক্লিনিকের চারপাশ আগাছায় ভরে গেছে। দেখে মনে হয় নিয়মিত কার্যক্রম পরিচালিত হয় না। একটি সরকারি স্বাস্থ্যকেন্দ্রের এমন অবস্থা খুবই দুঃখজনক।”

 

চিকিৎসাসেবা নিতে এসে ফিরে যাওয়ার অভিজ্ঞতার কথা জানিয়ে ফারুক সরদার বলেন, “অনেক সময় ক্লিনিকে এসে ডাক্তারকে পাওয়া যায় না। দূর-দূরান্ত থেকে মানুষ চিকিৎসার জন্য এলেও হতাশ হয়ে ফিরে যেতে হয়।”

 

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন টিপনা কমিউনিটি ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক সুকান্ত। তিনি বলেন, “ক্লিনিক বন্ধ রাখার অভিযোগ সঠিক নয়। উপজেলা পর্যায়ের বিভিন্ন সভা, প্রশিক্ষণ ও দাপ্তরিক কাজের কারণে কখনো কখনো ক্লিনিকে যেতে কিছুটা দেরি হয়। তবে নিয়মিত সেবা কার্যক্রম চালু রয়েছে।”

ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কাজল মল্লিক বলেন, “চিকিৎসকের বিরুদ্ধে ওঠা অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সরকারি স্বাস্থ্যসেবায় দায়িত্বে অবহেলার কোনো সুযোগ নেই।”

খুলনার সিভিল সার্জন মোছা. মাহফুজা খাতুন বলেন, “কমিউনিটি ক্লিনিকের সেবার মান নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। টিপনা কমিউনিটি ক্লিনিক নিয়ে পাওয়া অভিযোগ তদন্ত করে সত্যতা মিললে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের দাবি, টিপনা কমিউনিটি ক্লিনিকে নিয়মিত চিকিৎসকের উপস্থিতি, পর্যাপ্ত ওষুধ সরবরাহ এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা হোক, যাতে প্রান্তিক জনগোষ্ঠী কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা পেতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।