কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের কচুয়া উপজেলায় পূর্ব শত্রুতার জেরে ছুটিতে বাড়িতে আসা এক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার পর বাদীপক্ষকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করেছে।
আহত বিজিবি সদস্য মো. ফয়জুল হক লাল, যিনি বিজিবির একজন হাবিলদার। তিনি কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামের বাসিন্দা।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ জুন জমিজমা-সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে শিয়ালকাঠী গ্রামের আনিস (৪০), শহিদ (৩৮), মাহফুজ (৪২)সহ আরও ৪-৫ জনের একটি দল ফয়জুল হক লালের বাড়ির আঙিনায় গিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও মারধর করে তাকে গুরুতর আহত করে।
পরে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় আহতের ভাই মো. আলী আকবর শেখ বাদী হয়ে কচুয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন (মামলা নং-৮২/২৬)। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। পরে ২৩ ও ২৫ জুন এক নম্বর আসামি ছাড়া অপর আসামিরা জামিনে মুক্ত হন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মামলা দায়ের ও গ্রেপ্তারের পর থেকেই আসামিপক্ষ এবং তাদের স্বজনরা মামলা তুলে নিতে চাপ দিচ্ছেন। মামলা প্রত্যাহার না করলে বাদী ও তার পরিবারের সদস্যদের হত্যা ও জখম করার হুমকি দেওয়া হচ্ছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে আহত বিজিবি সদস্যের ছেলে নাজমুল বাগেরহাটের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামিনুর রহমান বলেন, “বিজিবি সদস্যের ওপর হামলার ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে এবং ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাদীপক্ষকে হুমকি দেওয়ার অভিযোগও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক রয়েছে।”

