আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব মনোভাব গড়ে তোলার লক্ষ্যে ফরিদপুরের আলফাডাঙ্গায় আরিফুজ্জামান মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি, সচেতনতামূলক র্যালি ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচির শুরুতে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় চত্বরে এসে শেষ হয়।
র্যালিতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন এবং বিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীদের হাতে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব, পরিবেশ সংরক্ষণ এবং বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড ছিল।
র্যালি শেষে বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয় এবং সেগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের আহ্বান জানানো হয়।
পরে বিদ্যালয়ের হলরুমে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনের অংশগ্রহণে একটি সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে জলবায়ু পরিবর্তনের কারণ, বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব, পরিবেশ দূষণের ভয়াবহতা এবং এসব সংকট মোকাবিলায় ব্যক্তি, পরিবার ও সমাজের করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আজাদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক এ.এম.এম. মোস্তাফিজুল ইসলাম এবং বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ।
সেমিনারে প্রধান শিক্ষক মোহাম্মদ আজাদুল ইসলাম বলেন, “জলবায়ু পরিবর্তন বর্তমানে বিশ্বের অন্যতম বড় চ্যালেঞ্জ। এর প্রভাব থেকে বাংলাদেশও মুক্ত নয়। পরিবেশ রক্ষায় প্রত্যেককে দায়িত্বশীল হতে হবে। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়ার প্রতীক। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার অভ্যাস গড়ে তুলতে হবে। আমরা চাই, বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী অন্তত একটি করে গাছ রোপণ করবে এবং সেটিকে বড় করে তোলার দায়িত্ব নেবে।”
তিনি আরও বলেন, সবার সম্মিলিত উদ্যোগেই সবুজ, নির্মল ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

