নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া বলেছেন, সরকারি সেবা নিতে এসে সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অফিস সময়সূচি মেনে দায়িত্ব পালন এবং জনগণের দোরগোড়ায় মানসম্মত ও নিরবচ্ছিন্ন সেবা পৌঁছে দিতে আন্তরিকতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন তিনি।
সোমবার (২৯ জুন) দুপুরে শিবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকার জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নে সরকারি দপ্তরগুলোতে সেবার মান, সময়ানুবর্তিতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কোনো কর্মকর্তা বা কর্মচারী বিনা কারণে কর্মস্থলে অনুপস্থিত থাকতে পারবেন না। বিশেষ করে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকদের নির্ধারিত সময়ে উপস্থিতি নিশ্চিত করে রোগীদের কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা প্রদান করতে হবে।
তিনি আরও বলেন, জনগণের আস্থা অর্জনে প্রতিটি সরকারি প্রতিষ্ঠানে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মান উন্নয়নের বিকল্প নেই। তাই সকল কর্মকর্তাকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
এর আগে জেলা প্রশাসক শিবপুর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ও চলমান উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি বিভিন্ন দপ্তরের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং সরকারি সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পাশাপাশি উপজেলা পর্যায়ের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী করার লক্ষ্যে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মু. আব্দুর রহিম, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম, শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া, উপজেলা প্রকৌশলী পিন্টু চন্দ্র বন্দ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

