ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর সব সাংগঠনিক পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র মো. আনোয়ারুল কবির টুটুল। সোমবার (২৯ জুন) নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
লিখিত বক্তব্যে আনোয়ারুল কবির টুটুল বলেন, দীর্ঘদিন ধরে তিনি জাসদের রাজনীতি ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। দল তাকে যে দায়িত্ব ও সম্মান দিয়েছে, তার জন্য তিনি কৃতজ্ঞ। তবে বর্তমান বাস্তবতায় দলীয় কর্মকাণ্ডে সক্রিয় থাকা তার পক্ষে আর সম্ভব নয়। তাই তিনি দলীয় সব সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি জানান, ভেড়ামারা পৌরসভার নির্বাচিত মেয়র হিসেবে সততা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে তিনি ব্যবসায়িক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত রয়েছেন।
টুটুল বলেন, সাম্প্রতিক সময়ে শারীরিক অসুস্থতা, ব্যক্তিগত ও পারিবারিক নানা সমস্যা এবং ব্যবসায়িক ব্যস্ততা বেড়ে যাওয়ায় দলীয় সাংগঠনিক কার্যক্রমে প্রয়োজনীয় সময় ও দায়িত্বশীলতার সঙ্গে সম্পৃক্ত থাকা তার পক্ষে সম্ভব হচ্ছে না।
তিনি আরও জানান, এসব বিষয় বিবেচনায় নিয়ে গভীর চিন্তাভাবনার পর জাসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে দলীয় সাংগঠনিক কার্যক্রম এবং দলীয় সব পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
জানা গেছে, আনোয়ারুল কবির টুটুল উপজেলা জাসদের সদস্য, যুব জোটের সহসভাপতি এবং কেন্দ্রীয় যুব জোটের সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “যে দায়িত্ব যথাযথভাবে পালন করা সম্ভব নয়, সেই দায়িত্বে বহাল থাকা নৈতিকভাবে সমীচীন নয়। ব্যক্তিগত, পারিবারিক, শারীরিক ও পেশাগত বাস্তবতা বিবেচনায় নিয়েই আমি এ সিদ্ধান্ত নিয়েছি। এর পেছনে অন্য কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত উদ্দেশ্য নেই।”
তিনি ভবিষ্যতেও জনপ্রতিনিধি হিসেবে ভেড়ামারার মানুষের পাশে থেকে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং সবার দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
সংবাদ সম্মেলনের শেষে উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সাবেক এই মেয়র।

