দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পৃথক অভিযানে প্রায় ১৩ লাখ ৪৫ হাজার টাকার ভারতীয় মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৯ জুন) বিকেলে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর ৫টার দিকে ৪৭ বিজিবির চিলমারী বিওপির একটি টহল দল সীমান্তের শান্তিপাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২০ বোতল ভারতীয় মদ, ১ হাজার ৯০টি ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ১ হাজার ১৫০টি সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করে।
এর আগে রোববার (২৮ জুন) রাত ১১টা ৫০ মিনিটে চরচিলমারী বিওপির টহল দল আকন্দপাড়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১ হাজার ৭৮০টি ডেক্সামেথাসন ট্যাবলেট, ২২০টি সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ২৪০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করে।
এছাড়া একই দিন সকাল ৮টা ১৫ মিনিটে বিলগাথুয়া বিওপির টহল দল জয়পুর-চক বিলগাথুয়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৭৫ বোতল ভারতীয় স্কাফ সিরাপ জব্দ করে।
বিজিবি জানায়, পৃথক অভিযানে উদ্ধার হওয়া মাদক ও চোরাচালান পণ্যের মোট সিজার মূল্য ১৩ লাখ ৪৫ হাজার ২০০ টাকা।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সর্বদা তৎপর রয়েছে। দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

