জিহাদুল ইসলাম,নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু রায়হানকে মারধর এবং সরকারি কম্পিউটার ভাঙচুরের অভিযোগে স্বেচ্ছাসেবকদলের এক নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার (২৮ জুন) রাতে মৎস্য কর্মকর্তা আবু রায়হান বাদী হয়ে নড়াইল সদর থানায় এ মামলা দায়ের করেন।
মামলায় যদুনাথপুর গ্রামের টিপু সুলতানের ছেলে জিসানুর রহমান (৩০)-কে প্রধান আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে। মৎস্য অফিস সূত্রে জানা গেছে, জিসানুর নিজেকে ছাত্রদলের সাবেক নেতা হিসেবে পরিচয় দিতেন। তবে দলীয় সূত্রের দাবি, তিনি বর্তমানে সদর উপজেলার বাশগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জিসানুর রহমান প্রায়ই সদর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে গিয়ে বিভিন্ন গোপনীয় তথ্য চাইতেন। তথ্য দিতে অপারগতা প্রকাশ করলে তিনি কর্মকর্তা-কর্মচারীদের গালিগালাজ করতেন বলে অভিযোগ রয়েছে।
ঘটনার দিন রোববার বিকেলে জিসানুরসহ চার-পাঁচজন কার্যালয়ে গিয়ে জেলার সুবিধাভোগীদের প্রদর্শনী তালিকা দাবি করেন। এ সময় মৎস্য কর্মকর্তা আবু রায়হান জানান, এর আগেও তাকে একাধিকবার তথ্য দেওয়া হয়েছে। এ কথা শুনে জিসানুর ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং কিল-ঘুষি মেরে নাক, মুখ, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান।
এজাহারে আরও উল্লেখ করা হয়, জিসানুর অফিসের টেবিলে থাকা প্রায় ৬৮ হাজার টাকা মূল্যের সরকারি ডেস্কটপ কম্পিউটার ও মনিটর ভাঙচুর করেন। এছাড়া গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র ছড়িয়ে সরকারি কাজে বিঘ্ন সৃষ্টি এবং প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
তবে অভিযোগ অস্বীকার করে জিসানুর রহমান বলেন, তিনি উপকারভোগীদের তালিকা চাইতে গিয়েছিলেন। তথ্য না পেয়ে ফেরার সময় অফিসের কর্মচারীরা তাকে মোবাইলে ভিডিও করার অভিযোগ তুলে মেঝেতে ফেলে মারধর করেন। তিনি দাবি করেন, “আমি কেন কর্মকর্তাকে মারতে যাব?”
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় ব্যক্তি বলেন, কার্যালয়ে সিসিটিভি ফুটেজ থাকলে তা পর্যালোচনা করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, মৎস্য কর্মকর্তার অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

