দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় এক অটোভ্যান চালককে মারধর করে গাছে বেঁধে তার ব্যাটারিচালিত অটোভ্যান, নগদ টাকা ও মোবাইলফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পরে স্থানীয়দের সহায়তায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
মঙ্গলবার (৩০ জুন) দিবাগত গভীর রাতে মিরপুর-দৌলতপুর সড়কের মিরপুর মাঠের ডাকাতি পুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী অটোচালক ওসমান মন্ডল (৩৩) দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পচাভিটা গ্রামের কাশেম মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ওসমান মন্ডল ব্যাটারিচালিত অটোভ্যান নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে ডাকাতি পুকুর এলাকায় আগে থেকে ওৎ পেতে থাকা ৪-৫ জন সশস্ত্র ছিনতাইকারী তার অটোর গতিরোধ করে। এরপর তাকে বেধড়ক মারধর করে হাত-পা গাছের সঙ্গে বেঁধে রেখে অটোভ্যান, নগদ টাকা ও মোবাইলফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
পরে ওসমানের আর্তচিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাকে গাছে বাঁধা অবস্থায় দেখতে পান এবং মিরপুর থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “আহত অটোচালককে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

