নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
জাতীয় প্রতিরক্ষা কোর্স (এনডিসি)-এর ১৪৫ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল বুধবার (১ জুলাই) গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) পরিদর্শন করেছে। প্রতিনিধি দলে বাংলাদেশসহ ১৮টি দেশের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অংশ নেন।
অংশগ্রহণকারী দেশগুলো হলো বাংলাদেশ, চীন, ভারত, ইন্দোনেশিয়া, কেনিয়া, সৌদি আরব, কুয়েত, মালয়েশিয়া, মালি, নেপাল, নাইজেরিয়া, ওমান, পাকিস্তান, কাতার, শ্রীলঙ্কা, তানজানিয়া, উগান্ডা ও জাম্বিয়া।
প্রতিনিধি দলটি ব্রি ক্যাম্পাসে পৌঁছালে ব্রির মহাপরিচালক ও কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আফসারী খানমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের স্বাগত জানান।
এ উপলক্ষে ব্রির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাপরিচালক আফসারী খানম। অনুষ্ঠানে ব্রির গবেষণা কার্যক্রম ও সাম্প্রতিক অর্জন সম্পর্কে সচিত্র উপস্থাপনা করেন ব্রির পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম। পরে প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে ব্রির কর্মকর্তাদের উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে এনডিসি প্রতিনিধি দলের প্রধান মেজর জেনারেল মো. মাসুদুর রহমানের হাতে ব্রির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় ধন্যবাদ জ্ঞাপন করেন ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. আমিনুল ইসলাম। অনুষ্ঠানে ব্রির বিভাগীয় ও শাখা প্রধান, ঊর্ধ্বতন বিজ্ঞানী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রতিনিধি দল ব্রির ফার্ম মেশিনারি শেড, উদ্ভিদ প্রজনন ল্যাবরেটরি এবং জিন ব্যাংক পরিদর্শন করেন। এ সময় তারা ব্রির গবেষণা কার্যক্রম, উদ্ভাবন ও সাফল্য সম্পর্কে অবহিত হন এবং ইনস্টিটিউটের অর্জনের প্রশংসা করেন।

