টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উন্মুক্ত জলাশয়ে দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জব্দ করা ৭২টি নিষিদ্ধ চায়না দুয়ারি (রিং ও ম্যাজিক) জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বুধবার (১ জুলাই) উপজেলার ডুমুরিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে গ্রাম পুলিশের সহায়তায় জব্দকৃত জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এর আগে উপজেলার বাঁশবাড়িয়া খাল থেকে জালগুলো জব্দ করা হয়। জব্দকৃত ৭২টি চায়না দুয়ারি জালের মোট আনুমানিক দৈর্ঘ্য ১ হাজার ৪৪০ মিটার এবং বাজারমূল্য প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় বলেন, চায়না দুয়ারি (রিং ও ম্যাজিক) জালের ব্যবহার জলাশয়ের জীববৈচিত্র্য ও দেশীয় মৎস্যসম্পদের জন্য মারাত্মক ক্ষতিকর। এসব জালের কারণে মাছের প্রজনন ও উৎপাদন ব্যাহত হয়। তাই জনস্বার্থে এ ধরনের নিষিদ্ধ জাল জব্দ করে ধ্বংস করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় বাঁশবাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাবেদ হোসেনসহ মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

