ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনিয়নের কুর্শিপাড়া গ্রামে একটি বসতঘরের তালা কেটে নগদ অর্থ ও স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ জুন) গভীর রাতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নাসরিন আক্তার (৫০) জানান, তিনি কয়েকদিন আগে ঢাকায় বড় ভাইয়ের বাসায় বেড়াতে যান এবং বর্তমানে সেখানেই অবস্থান করছেন। বুধবার সকালে প্রতিবেশীদের মাধ্যমে জানতে পারেন, গ্রামের বাড়িতে চুরি হয়েছে।
তিনি বলেন, পরিবারের সবাই ঢাকায় বসবাস করায় বাড়িটি ফাঁকা ছিল। এ সুযোগে দুর্বৃত্তরা ঘরের চারটি তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে আলমারি ভেঙে প্রায় দুই ভরি স্বর্ণালংকার ও নগদ দুই লাখ টাকা নিয়ে যায়।
স্থানীয়রা জানান, দীর্ঘ সময় বাড়িটি ফাঁকা থাকায় চোরচক্র পরিকল্পিতভাবে এ চুরির ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীর অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

