খালিয়াজুড়ি(নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলায় অভিযান চালিয়ে ৩২৫ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৯৭ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চাকুয়া ইউনিয়নের লেপসিয়া বাজার লঞ্চঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হাসেনা আক্তার (৪৫) চাকুয়া ইউনিয়নের লেপসিয়া গ্রামের জয়নাল মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, হাসেনা আক্তার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে লেপসিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জিয়াউল রাব্বির নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ আটক করে। পরে তাকে খালিয়াজুড়ি থানায় নেওয়া হয়।
খালিয়াজুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসেনা আক্তারের কাছ থেকে ৩২৫ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, শুক্রবার (৩ জুলাই) সকালে তাকে যথাযথ পুলিশ পাহারায় নেত্রকোনা আদালতে পাঠানো হবে। মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।

