Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আত্মরক্ষার কৌশল যখন সহ-শিক্ষা: কারাতে প্রশিক্ষণে আত্মবিশ্বাসী হয়ে উঠছে যশোরের শিক্ষার্থীরা

যশোর প্রতিনিধি
জুলাই ২, ২০২৬ ৫:৩৭ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

সহ-শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে যশোর শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে কারাতে প্রশিক্ষণ নিচ্ছে শিক্ষার্থীরা। বিশেষ করে মেয়েদের আত্মরক্ষার সক্ষমতা বৃদ্ধি, আত্মবিশ্বাস গড়ে তোলা এবং শারীরিক-মানসিক বিকাশের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সরেজমিনে দেখা যায়, ক্যাম্পাসে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রশিক্ষকের নির্দেশনায় কারাতে অনুশীলন করছে শিক্ষার্থীরা। প্রশিক্ষণে অংশ নেওয়া মেয়েদের মধ্যে আত্মবিশ্বাস ও আত্মরক্ষার আগ্রহ স্পষ্ট।

নবম শ্রেণির শিক্ষার্থী সৈয়দা মালিহা তাবাসসুম বলেন, “বর্তমান সামাজিক বাস্তবতায় রাস্তাঘাটে একা চলাফেরা অনেক সময় অনিরাপদ। বখাটে ও ছিনতাইকারীদের মতো নানা ঝুঁকি মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতেই কারাতে শিখছি।”

একই শ্রেণির শিক্ষার্থী লামিয়া আক্তার বলেন, “এই প্রশিক্ষণের ফলে আমাদের আত্মবিশ্বাস বেড়েছে। আত্মরক্ষার নানা কৌশল শেখার পাশাপাশি মানসিকভাবেও আমরা অনেক শক্তিশালী অনুভব করছি।”

যশোর শহরের উপশহর এলাকায় অবস্থিত এ শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ১ হাজার ৪০০ শিক্ষার্থী রয়েছে, যার প্রায় অর্ধেকই ছাত্রী। বর্তমানে ষষ্ঠ থেকে নবম শ্রেণির ৪০ জন ছাত্রী কারাতে প্রশিক্ষণে অংশ নিচ্ছে। তাদের মধ্যে নবম শ্রেণির শিক্ষার্থীর সংখ্যাই বেশি।

প্রতিষ্ঠানটির শরীরচর্চা শিক্ষক তৌহিদুর রহমান বলেন, “সহ-শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে প্রায় এক মাস ধরে এ প্রশিক্ষণ চলছে। ক্লাসের ফাঁকে শিক্ষার্থীরা আগ্রহের সঙ্গে অংশ নিচ্ছে। এটি যেমন আত্মরক্ষার কৌশল শেখায়, তেমনি একটি কার্যকর শারীরিক ব্যায়ামও।”

প্রশিক্ষণ দিচ্ছেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের কোচ ও রেফারি ইমরান হাসান টুটুল। তিনি বলেন, “কারাতে শুধু আত্মরক্ষার কৌশল নয়, এটি শৃঙ্খলা, নেতৃত্ব ও আত্মনিয়ন্ত্রণের শিক্ষাও দেয়। পাশাপাশি তরুণদের মোবাইল ফোনের আসক্তি থেকে দূরে রেখে সুস্থ জীবনধারা গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে।”

বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন সেন্টুও সারাদেশে মেয়েদের কারাতে প্রশিক্ষণ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন। আগামী মাসের প্রথম সপ্তাহে তিনি যশোর সফর করবেন বলে জানান প্রশিক্ষক।

জেলা শিক্ষা কর্মকর্তা মাহফিজুল হোসেন বলেন, “যশোরে প্রায় ১ হাজার ১০০ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। তবে শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের মতো এ ধরনের কারাতে প্রশিক্ষণ এখনো অন্য কোথাও চালু হয়নি। বর্তমানে স্কুলগুলোতে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।”

যশোর শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক শেখ আব্দুল হান্নান বলেন, “মেয়েদের মানসিক ও শারীরিক বিকাশের পাশাপাশি আত্মরক্ষার কৌশল শেখানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা অত্যন্ত আগ্রহের সঙ্গে প্রশিক্ষণে অংশ নিচ্ছে।”

যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, “শিক্ষার্থীদের সার্বিক বিকাশে বিভিন্ন সহ-শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কারাতে প্রশিক্ষণের বিষয়টিও ইতিবাচক। এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।