মোহাম্মদ হাবিবুল্লাহ,খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুড়ি উপজেলার দুটি কেন্দ্রে শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিনের বাংলা প্রথমপত্র পরীক্ষায় ৯৭ দশমিক ২৩ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত ছিল।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় উপজেলার কৃষ্ণপুর সরকারি কলেজ ও খালিয়াজুড়ি কলেজ কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর উপজেলার দুটি কলেজে নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ৪০৭ জন। এর মধ্যে কৃষ্ণপুর সরকারি কলেজের পরীক্ষার্থী ৩১০ জন এবং খালিয়াজুড়ি কলেজের পরীক্ষার্থী ৯৭ জন।
প্রথম দিনের বাংলা প্রথমপত্র পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল মোট ৩৬১ জন পরীক্ষার্থীর। এর মধ্যে কৃষ্ণপুর সরকারি কলেজ কেন্দ্রে ২৬৭ জন এবং খালিয়াজুড়ি কলেজ কেন্দ্রে ৯৪ জন পরীক্ষায় অংশ নেয়। অনুপস্থিত ছিল মোট ১০ জন, যার মধ্যে কৃষ্ণপুর সরকারি কলেজ কেন্দ্রে ৯ জন এবং খালিয়াজুড়ি কলেজ কেন্দ্রে একজন। ফলে উপস্থিতির হার ছিল ৯৭ দশমিক ২৩ শতাংশ এবং অনুপস্থিতির হার ২ দশমিক ৭৭ শতাংশ।
কৃষ্ণপুর সরকারি কলেজ কেন্দ্রের কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যক্ষ এস এম আমিরুল ইসলাম (পলাশ) এবং হল সুপার ছিলেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আবুল কায়েস আজাদ। ট্যাগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আব্দুল আলীম ও উপসহকারী কৃষি কর্মকর্তা মো. হেলাল উদ্দিন।
অন্যদিকে খালিয়াজুড়ি কলেজ কেন্দ্রের কেন্দ্র সচিব ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ এবং হল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মনতোষ চন্দ্র বর্মন। ট্যাগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু রায়হান এবং দারিদ্র্য বিমোচন কর্মকর্তা ধীরেশ চন্দ্র সরকার।
খালিয়াজুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান বলেন, সরকারি বিধি-বিধান অনুসরণ করে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বা ত্রুটি পরিলক্ষিত হয়নি।
তিনি আরও বলেন, ৯৭ দশমিক ২৩ শতাংশ পরীক্ষার্থীর উপস্থিতি সন্তোষজনক। তবে অনুপস্থিত ২ দশমিক ৭৭ শতাংশ পরীক্ষার্থীর কারণ জানাতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী পরীক্ষাগুলোতে শতভাগ উপস্থিতি নিশ্চিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

