বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে হাইওয়ে পুলিশের তল্লাশি অভিযানে ৪৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হলেও চালক পালিয়ে যান।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ২টার দিকে জামালপুর-রৌমারী মহাসড়কের বকশীগঞ্জ উপজেলার তিনানীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
বকশীগঞ্জ হাইওয়ে থানা পুলিশ জানায়, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে মহাসড়কে যানবাহন তল্লাশি চলাকালে একটি মোটরসাইকেলের পেছনে বস্তা দেখে চালককে থামার সংকেত দেওয়া হয়। তবে চালক কিছু দূরে গিয়ে মোটরসাইকেল থামিয়ে দ্রুত পালিয়ে যান।
পরে মোটরসাইকেলে থাকা বস্তা তল্লাশি করে ৪৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
বকশীগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন বলেন, উদ্ধার করা গাঁজা ও জব্দকৃত মোটরসাইকেল থানার হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে পলাতক চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

